ইনজুরির কারণে গেল মৌসুমে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। ৩২ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠের বাইরে থাকলেও ঠিকই থাকেন আলোচনায়। সম্প্রতি ব্যান্ড স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। জানান, নিজের প্রতিভা সম্পর্কে ধারণা আছে তার।
গেল মৌসুমে পিএসজির হয়ে নেইমার খেলেছেন ২৯ ম্যাচ। গোল করেছেন ১৮টি, অ্যাসিস্ট ১৭। তবে ক্লাব চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর পিএসজি সমর্থকদের একাংশ নেইমারকে ক্লাব থেকে বেরিয়ে যেতে বলেন। ব্রাজিলের হয়ে এখনো বিশ^কাপ ছোঁয়া হয়নি নেইমারের। তাই নিজ দেশেও শোনেন সমালোচনা।
সাংবাদিক হোসে এলিয়া জুনিয়রকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘তারা (সমালোচকরা) শুধু যারা পারে তাদেরই সমালোচনা করে। আমি কখনো কোনো অভিযোগ থেকে পালাইনি। আমি সব সময় আমার বুকে চাপড় দিয়ে বলতাম, আঘাত করতে পারেন। আমি আমার প্রতিভা সম্পর্কে জানি। আমি কী করতে পারি, সেটাও আমার ভালো করেই জানা।’
ফুটবল যে দলগত খেলা, সেটি উল্লেখ করে নেইমার বলেন, ‘যদি এটা (ফুটবল) ব্যক্তিগত খেলা হতো, তবে আমি ইতিমধ্যে আমার সব লক্ষ্য পূরণ করে ফেলতাম। বিষয়টা তো তা নয়। স্পষ্টতই আমাকে নিয়ে সমালোচনা অনেক বেশি। মাঠ এবং মাঠের বাইরে দুই ক্ষেত্রেই।’
নেইমারের মতে, সেরা খেলোয়াড়দের ক্ষেত্রেই বিষয়টি এমন হয়। মেসির উদাহরণ টানেন নেইমার। ‘সেরা খেলোয়াড়দেরই সব দোষ দেওয়া হয়। মেসির ক্ষেত্রে আমরা এমনটি দেখেছি। যখন সে জাতীয় দলের হয়ে কিছু জেতেনি। অবশেষে সে বিশ্বকাপ জিতেছে। কারণ তাকে পুরো দল সহায়তা করেছে।’
তবে মাঠের বাইরের অনেক বিষয় নিয়ে সমালোচনা নেইমারকে আঘাত করে। ‘কখনো কখনো অনেক সমালোচনার সঙ্গে আমি একমত থাকি না। কারণ, এটা আমার ব্যক্তিগত জীবন এবং আমি যা চাই, সেটাই করি। মাঠের বিষয়ে নির্দ্বিধায় কথা বলা যেতে পারে।’
ইনজুরি কারণে মাঠের বাইরে থাকায় তাকে ছাড়াই বিশ্বকাপের পর সব প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। নেইমার বলেন, ‘ইনজুরিতে থেকে ম্যাচ মিস করা মোটেই সুখকর নয়। আমি মাঠে থাকতে পছন্দ করি। আমি ফুটবল খেলতেই জন্মেছি।’
কাতার বিশ^কাপের পর থেকে ব্রাজিলের প্রধান কোচের পদ ফাঁকা। ধারণা করা হচ্ছে কার্লো আনচেলত্তি হবেন পরবর্তী কোচ। এ নিয়ে নেইমার বলেন, ‘কোচ নির্বাচনের বিষয় আছে। প্রেসিডেন্ট ও খেলোয়াড়রা তাকে (আনচেলত্তি) চায়। আমি, ভিনি, মিলিতাও তাকে ভালো করেই চিনি। তাকে পাওয়াটা দলের জন্য গরুত্বপূর্ণ। তবে কিছুই নিশ্চিত হয়নি এখনো। আনচেলত্তি এমন একজন, যিনি সবকিছু জিতেছেন। অবশ্যই তিনি আমাদের অনেক কিছু শেখাতে পারবেন।’
নেইমারের পেশাদার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল নিজ দেশের ক্লাব সান্তোসে। ক্লাবটির হয়ে ২০০৯-১৩ পর্যন্ত খেলেন নেইমার। আবারও নিজ দেশের ক্লাবে ফেরার ইচ্ছে আছে তার। ‘একজন ফুটবলারের জীবন বৈচিত্র্যময়। একেক সময় একেক জায়গায় থাকতে হয়। অবশ্যই আবার ব্রাজিলের হয়ে খেলতে চাই। স্বপ্ন দেখি সান্তোসে ফেরার। আশা করছি হবে এমনটি।’ বলছিলেন নেইমার।
আগামী মৌসুমে শুরু থেকেই নেইমারকে পাবে তার দল। তবে মাঠের বাইরে থাকলেও বিপদ যেন পিছু ছাড়ছে না নেইমারের। সম্প্রতি প্রেমিকার বিশ্বাসভঙ্গের দোষ স্বীকারের পর ইনস্টাগ্রামে এক দিনে ২ লাখ অনুসারী হারান। এএফপি ও রয়টার্স তাদের খবরে জানায়, বাড়ি বানাতে গিয়ে পরিবেশ আইন ভঙ্গ করায় অভিযোগ উঠেছে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে; যা প্রমাণিত হলে ১০ লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে নেইমারের।