মায়ের সঙ্গে ঝগড়ায় বাধা দেওয়ায় ছোট ভাইকে গলা কেটে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে মায়ের সঙ্গে বড় ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ছোট ভাই দেলোয়ার হোসেন (৩৫) খুন হয়েছেন। বড় ভাই রমজান আলী (৪০) তাকে গলা কেটে হত্যা করেন। গতকাল শনিবার সকালে উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। এদিকে একই সময় মানিকগঞ্জের সাটুরিয়া, কুমিল্লার চৌদ্দগ্রাম ও বরগুনার বেতাগীতে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন :

কুমিল্লা (আঞ্চলিক) : নাঙ্গলকোটে নিহত দেলোয়ার হোসেন কিনারা দক্ষিণপাড়ার বশির আহম্মেদের ছেলে। ঘটনার দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত রমজান আলীকে ঢালুয়া বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে মায়ের সঙ্গে ঝগড়া লাগে রমজান আলীর। এ সময় ঝগড়া থামানোর জন্য ছোট ভাই দেলোয়ার রমজান আলীকে বাধা দেয় এবং একপর্যায়ে ধান টানার বাঁক দিয়ে বড় ভাইয়ের পায়ে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে রমজান আলী তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে দেলোয়ারের গলা কেটে ফেলে। সঙ্গে সঙ্গে দেলোয়ার মাটিতে লুটে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকা থেকে হাসেম আলী (৪০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে হাসেম আলীর বাড়ির পাশর্^বর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি গাছবাড়ী এলাকার ইংরেজ আলীর ছেলে।

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ^াস বলেন, ‘শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন ভ্যানচালক হাসেম আলী। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।’

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পাশে হায়দার পুলসংলগ্ন ডোবা থেকে শিমুল (১৩) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিমুল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগ-া গ্রামের সুমন ড্রাইভারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে শিমুল অটোরিকশা চালাতে চৌদ্দগ্রাম বাজারে গিয়ে আর ফেরেনি। শুক্রবার সকালে পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

বরগুনা : বরগুনার বেতাগীতে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বিলকিস বেগম (৫০) উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মৃত মান্নান হাওলাদারের স্ত্রী। গতকাল সকালে তার শোয়ার ঘরে গিয়ে বাড়ির ভাড়াটিয়া মরদেহ দেখতে পায়। কে অথবা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ ও সিআইডি কাজ করছে। তবে পুলিশ বলছে বিলকিসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।