চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত থেকে ১১টি সোনার বারসহ তরিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর সীমান্ত থেকে সোনার বারসহ তরিকুলকে আটক করা হয়। তরিকুলের বাড়ি দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্ত পিলার ৭৮/৬-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তিকে হেঁটে ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তরিকুল নামের ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করেন।
তরিকুলের দেহ তল্লাশি করে ছোট-বড় ১১টি সোনার বার (৮১৬ গ্রাম) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দিয়ে আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তরসহ প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।