কিশোর গ্যাংয়ের হামলায় ছাত্র আহত, গ্রেপ্তার ৩

ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় সপ্তম শ্রেণির এক ছাত্র আহত হওয়ার ঘটনার মামলায় পুলিশ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সকালে শহরের পুলিশ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো শুভ, ইফাত ও প্রিয়ম।

পুলিশ জানায়, শহরের হায়দার ক্লিনিকের পাশে খালি জায়গায় কিশোর গ্যাং ‘এফসিবির মারধরের একটি দৃশ্য শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিও ফুটেজে ফেনী মডেল হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র আমিরুল হুদা মুবিনকে (১৪) বেধড়ক পিটিয়ে আহত ও পা ধরে ক্ষমা চাইতে দেখা যায়। নির্যাতনের শিকার কিশোরের মা পারভিন আক্তার বাদী হয়ে রাতেই ফেনী মডেল থানায় ১১ জনকে আসামি করে মামলা করেন।

মামলার আসামিরা হলো ওয়াসিম, আব্দুর রহমান, রাসেল, সিয়াম, আছিম, ইসফার, জয়, প্রিয়ম, ইফাত, নোমান, শুভ। তারা শহরের ফালাহিয়া কামিল মাদ্রাসা, শাহীন একাডেমি স্কুল, হলি ক্রিসেন্ট স্কুল, সেন্ট্রাল হাই স্কুল ও ফেনী মডেল হাই স্কুলের শিক্ষার্থী।