অপহরণকারী ভেবে চালকের মাথায় গুলি, নারী যাত্রী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অপহরণকারী ভেবে ক্যাবচালককে গুলি করেছেন এক নারী যাত্রী (৪৮)। পরে জানা গেছে, তার সন্দেহ ভুল ছিল। আদৌ ক্যাবচালক তাকে অপহরণের চেষ্টা করেননি। তিনি নির্দিষ্ট সংস্থার মানচিত্র অনুসরণ করছিলেন। গুলির আঘাতে গুরুতর আহত সেই ক্যাবচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত নারীর নাম ফোবি কোপাস। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ১৫ লাখ ডলারের বন্ডে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ওই দিন প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল ফোবির। এজন্য তিনি একটি ক্যাব ভাড়া করেন। কিন্তু চলন্ত গাড়িতে বসে তিনি দেখতে পান, রাস্তা অচেনা ঠেকছে। মহাসড়কে মেক্সিকো লেখা একটি প্রতীকও দেখতে পান তিনি। তা দেখেই ফোবির সন্দেহ হয়, ক্যাবচালক তাকে অপহরণ করে মেক্সিকোয় নিয়ে যাচ্ছেন।

আত্মরক্ষার স্বার্থে ব্যাগ থেকে পিস্তল বের করেন ফোবি। চালককে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। গুলিটি যুবকের মাথা ও হাতের কব্জিতে লেগেছে। গাড়িটিও তৎক্ষণাৎ দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশকে জানানোর আগে ছবি তুলে বিষয়টি প্রেমিককে দেখান ফোবি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেক্সাসের পুলিশ। তারা জানায়, তদন্ত করে অপহরণের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। ভুল করেই ফোবি ক্যাবচালককে সন্দেহ করেছিলেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।