জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মনোনয়ন পেতে উৎসাহী করার পাশাপাশি প্রতিবন্ধীদের দ্রুত ভোট দেওয়ার সুযোগ-সুবিধাসহ নয়টি প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)। গতকাল রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করে তারা এ প্রস্তাবনা দেয়।
সিইসির সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিবন্ধী প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) সভাপতি নাজমুল আহসান কলিমুল্লাহ উপস্থিত ছিলেন।
বিপিকেএসের উপদেষ্টা ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ জানান, প্রতিবন্ধীদের জন্য ভোটকেন্দ্রে সুযোগ-সুবিধা নিশ্চিতসহ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সিইসি এসব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
সিইসির কাছে দেওয়া বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুল সাত্তার দুলাল স্বাক্ষরিত লিখিত প্রস্তাবে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্য থেকে মনোনয়ন দিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে উৎসাহিত করার কথা বলা হয়েছে।