সংসদে জিএম কাদের

আইএমএফের শর্ত গরিব মানুষের স্বার্থের পরিপন্থী

বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আইএমএফের কাছ থেকে বাংলাদেশ যে ঋণ নিচ্ছে তা খুব বেশি নয়। কিন্তু তাদের শর্ত অনেক, ৩০টি। বিভিন্ন খাতে তারা ভর্তুকি কমাতে বলেছে। এগুলো বেশিরভাগ গরিব মানুষের স্বার্থের পরিপন্থী। দেশের অর্থনৈতিক পরিস্থিতি কীভাবে এত নিচে গেল যে, এই ঋণ নেওয়ার জন্য বাংলাদেশ মরিয়া হয়ে গেছে।

গতকাল রবিবার জাতীয় সংসদ অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জিএম কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে কিছু মন্দা সৃষ্টি হয়েছে। কিন্তু কারও কী এমন দুরবস্থা সৃষ্টি হয়েছে? অনেক ক্ষেত্রে আমদানি বন্ধ রাখা হয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম বেড়ে গেছে। ডলারের দাম বেড়েছে। কিছু ভুল সিদ্ধান্তের কারণে সার্বিক সামষ্টিক অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।