গুজবে কান না দেওয়ার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর

দেশের উন্নয়ন প্রকল্পগুলোতে বেশি সময় লাগার পেছনে প্রকল্প পরিচালকদের (পিডি) দায়ী করে তাদের শাস্তির দাবি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ ছাড়া বিভিন্ন ইস্যুতে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল রবিবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ‘গুজবে কান দেবেন না। দেশের অমঙ্গল ডেকে আনবেন না। দেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনের জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। কোনো দুষ্ট লোকের সরকারের প্রতি বিদ্বেষ থাকতে পারে, যে কারণে তারা দেশকে ধ্বংস করার দিকে অগ্রসর হচ্ছে। সাবধান, দেশ ধ্বংস করলে আপনারও ক্ষতি হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করব, কুচক্রী মহল যারা দেশের অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়, তাদের আপনারা (জনগণ) রুখে দাঁড়াবেন। আপনারা বারবার প্রমাণ করেছেন কোনো বিদেশি শক্তির কাছে পরাজিত হননি। এবারও বিদেশি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলব।