বাফুফেকে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) বিশ^ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দেওয়া অর্থ নিয়ে অনিয়মের অভিযোগের অনুসন্ধানে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। তবে বাফুফেকে সরকারের দেওয়া অর্থের দুর্নীতির অনুসন্ধানের বিষয়ে কোনো আদেশ দেয়নি আদালত। আগামী ৯ জুলাই দুটি বিষয়ের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার চেম্বার আদালতের বিচারপতি আবু জাফর সিদ্দিকী এ আদেশ দেন।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ মে এক আদেশে হাইকোর্ট বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাধারণ সম্পাদক পদে নিষিদ্ধ হওয়া সোহাগসহ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশসহ রুল দেয়।