চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুরুল হোদা (৪০) নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার সন্ধ্যায় উপজেলার টুনটুনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুরুল হোদা শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গার আলোচিত ইউপি সদস্য ও বিএনপি নেতা আলম হত্যা মামলার আসামি এবং উপজেলার নামোসুন্দরপুর গ্রামের চাঁদ মন্ডলের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, দুরুলের শ^শুরবাড়ি এলাকা টুনটুনিপাড়ায় সন্ধ্যায় একদল দুর্বৃত্ত হঠাৎ করে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। স্থানীয়রা দ্রুত দুরুলকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই সে মারা যায়।
নিহতের শ্যালিকা মরিয়ম খাতুন বলেন, ‘একটি হত্যা মামলায় সম্প্রতি জামিন পাওয়ার পর দুরুল নিজ বাড়িতে না থেকে প্রাণভয়ে শ^শুর বাড়িতে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। সন্ধ্যায় সন্ত্রাসীরা ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর সে মারা গেছে ভেবে ফেলে পালিয়ে যায়।’
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মেদ বলেন, ‘দুরুল হোদা একটি হত্যা মামলার আসামি হিসেবে জামিনে ছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’