দেশে ডলার সংকটে অনিশ্চিত হয়ে পড়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের ঢাকা সফর। তবে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে মার্তিনেজ নিজেই নিশ্চিত করলেন তার বাংলাদেশ সফরের বিষয়টি। ৩ জুলাই ঢাকায় পা রাখবেন তিনি।
গতকাল বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্তিনেজ লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে ৩ জুলাই। বাংলাদেশ থেকেই এটার যাত্রা শুরু হবে, সেখানে আমি ফান্ডেড নেক্সট এবং নেক্সট ভেঞ্চারসের দলগুলির সঙ্গে দেখা করার সুযোগ পাব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে।’
মার্তিনেজ তার পোস্টে কলকাতা সফরের কথাও নিশ্চিত করেন। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। এমি তার পোস্টে আরও লেখেন, ‘বাংলাদেশ সফর শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।’
এর আগে গেল মে মাসে জানা যায় বাংলাদেশে আসতে পারেন মার্তিনেজ। গেল ২৯ মে এক পোস্টের মাধ্যমে এমি নিশ্চিত করে বলেছিলেন ভারতীয় উপমহাদেশ সফরে তিনি উন্মুখ। তবে এর কিছুদিন পর শঙ্কা জেগেছিল বিশ্বকাপজয়ী এই গোলকিপারের ঢাকা সফর নিয়ে। কারণ ছিল সরকারের আর্থিক নীতির কারণে ডলারের দু®প্রাপ্যতা। সে সময় এমির সফর বাতিল না করে সংক্ষিপ্ত হতে পারে বলে দেশ রূপান্তরকে জানিয়েছিলেন শতদ্রু দত্ত।
নিজেদের তৃতীয় শিরোপা জিততে আলবিসেলেস্তেদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এমিলিয়ানো মার্তিনেজ। বাজপাখি খ্যাত এমি এবার বাংলাদেশি ভক্তদের জন্য আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখতে যাচ্ছেন।