ভবিষ্যৎ ভাবনায় বাদ জাহানারা-রুমানা

সবশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েছিলেন সালমা খাতুন ও রুমানা আহমেদ। নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে ওই বদলের কথা বলা হয় বিসিবির পক্ষ থেকে। এক সিরিজ পর অভিজ্ঞ সালমা খাতুনকে ভারত সিরিজের প্রাথমিক দলে রাখা হলেও রুমানা জায়গা পাননি। সঙ্গে সুযোগ হয়নি ফর্ম হারানো পেসার জাহানারা আলমের। এ দুজনকে বাদ দিয়ে নতুন ক্রিকেটারদের রেখে ভারতের বিপক্ষে হোম সিরিজের জন্য ২০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ ইমার্জিং এশিয়া কাপের দলের রাবেয়া হায়দার ঝিলিক বাদে ১৫ সদস্যের দলের সবাই আছেন এই ক্যাম্পে।

আগামী মাসে ঘরের মাঠে ভারতীয় নারী দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। সিরিজের ম্যাচগুলো হবে মিরপুর। সবশেষ ২০১১-১২ মৌসুমে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে মিরপুরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী দল। প্রায় ১০ বছর নারী ক্রিকেটারদের সামনে সেই সুযোগ এলেও তা মিস করতে যাচ্ছেন জাহানারা ও রুমানা।

বাংলাদেশ নারী ক্রিকেটের উত্থানে অভিজ্ঞদের মধ্যে এ দুই ক্রিকেটারের অবদান ছিল দারুণ। এক সময় জাহানারাই ছিলেন বাংলাদেশের একমাত্র পেসার। এছাড়া রুমানা অলরাউন্ডার হিসেবে লেগব্রেকের পাশাপাশি কার্যকর ব্যাটিংও করেন। এ দুই ক্রিকেটারই বাংলাদেশের বড় দুটি অর্জন ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয় এবং ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ে (পাকিস্তানের বিপক্ষে) অবদান রাখেন। রুমানা ভারতকে হারিয়ে বাংলাদেশের একমাত্র এশিয়া কাপ জয়ের ফাইনাল সেরাও হন। তবুও এ দুই ক্রিকেটারকে বাদ দেওয়ার ব্যাপারে নারী দল নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানালেন ২০২৫ বিশ্বকাপের চিন্তাতেই এই সিদ্ধান্ত, ‘একটা বিষয় হলো আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে। ২০২৫ বিশ্বকাপের চিন্তা করে দল তৈরির চেষ্টায় আছে বিসিবি। এজন্য এখানে নতুনদের দেখা হচ্ছে আর কিছু ক্রিকেটারকে বাদ দেওয়া হচ্ছে মূলত বয়স, ফিটনেস ও পারফরম্যান্সের দিকগুলো বিবেচনা করে। এখনো তো চূড়ান্ত দল দেওয়া হয়নি। চূড়ান্ত দল দেওয়ার আগে বিসিবি দল নির্বাচন বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারবে।’

শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েছেন শুধু জাহানারাই। এ পেসারের বাদ পড়া একদম বাজে পারফরমের কারণেই। শ্রীলঙ্কা সফরের দুটি ওয়ানডের এক ম্যাচে ৬ ওভারে ৩৫ রানে নেন ১ উইকেট, অন্যটিতে ৬ ওভারে ৪৭ রানে নেন ১ উইকেট। এক টি-টোয়েন্টিতে ৪ ওভারে জাহানারা ৪৪ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। রুমানা গত নিউজিল্যান্ড সফরে এক ম্যাচে ছিলেন উইকেটশূন্য। আর গত বছর নারী বিশ্বকাপের ৭ ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের ব্যাপারে পারফরম্যান্সকে বেশ গুরুত্ব দিয়েছে বিসিবি। সূত্র জানান, ‘তাছাড়া ব্যাপারটা একেবারে যে বয়স ফিটনেস তাও না। পারফরম্যান্স করলে তো সেটা নিয়েই খেলা যায়। দল নির্বাচনে সম্ভবত এই দিকটাও দেখা হয়েছে।’

প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের ৩০ জুন রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী ১ জুলাই শুরু হবে অনুশীলন। ৯ জুলাই শুরু টি-টোয়েন্টি সিরিজ, প্রথম ওয়ানডে ১৬ জুলাই। সব কটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল : নিগার সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, দিশা বিশ্বাস, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রাণী, রিতু মনি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক, ফাহিমা খাতুন।