জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকায় ২০ জন

২০২১ ও ২০২২ সালের জন্য ১০ জন করে ক্রীড়াবিদ ও ক্রীড়াব্যক্তিত্বকে জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। গত রবিবার এই তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে চূড়ান্ত মনোনয়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদের অনুমোদনের পরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

২০২১ সালে মনোনীতদের মধ্যে উল্লেখযোগ্য প্রয়াত ফুটবল তারকা ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য একেএম নওশেরুজ্জামান (ফুটবল)। এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব গোলাম কুদ্দুস চৌধুরী বাবু, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, সাবেক অ্যাথলেট নাজমুন নাহার বিউটি, দেশের একমাত্র উয়েফা এ লাইসেন্সধারী ফুটবল কোচ মারুফুল হক মনোনীত হয়েছেন পুরস্কারের জন্য। ২০২১ সালে মনোনয়ন পাওয়া বাকিরা হলেন আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ কিসলু (টেবিল টেনিস), ইয়াদি আলি (ভলিবল), রাসেল কবির সুমন (ব্যাডমিন্টন), জুয়েল আহম্মেদ (সাঁতার) ও শাহনাজ পারভীন মালেকা (কাবাডি)। ২০২২ সালের জন্য মনোনীতদের মধ্যে অন্যতম সাবেক তারকা ফুটবলার রুম্মান বিন ওয়ালী সাব্বির, আলফাজ আহমেদ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার জিএস হাসান তামিম, ২০১৬ এসএ গেমসে জোড়া স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা, হকি তারকা রফিকুল ইসলাম কামাল। এছাড়া ২০২২ সালে মনোনয়ন পাওয়া বাকিরা হলেন- মাহবুব আরা বেগম গিনি (অ্যাথলেটিক্স), মির্জা সালমান ইস্পাহানী (ক্রিকেট সংগঠক), মেরিনা খানম মেরি (অ্যাথলেটিক্স), এনায়েত উল্লাহ খান (ব্যাডমিন্টন) ও ইমদাদুল হক মিলন (আরচারি)।

উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও ওমেন্স উইংসের প্রধান মাহফুজা আক্তার কিরণকে জাতীয় ক্রীড়া পুরস্কার পাইয়ে দিতে জোর তদবির চালিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে সেটা ধোপে টেকেনি।