সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

চাঁদদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এনায়েতপুরে হাজীগঞ্জগামী সিএনজি চালিত অটো রিকশা ও কুমিল্লাগামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতনামা এক জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দুজন।

এ ঘটনায় সিএনজি ও কাভার্ড ভ্যানটি জব্দ করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৭ জুন) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এনায়েতপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিএনজিতে থাকা এক যাত্রীর। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।

দুর্ঘটনায় সিএনজিতে থাকা হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের সেলিম চৌধুরী ও বাচ্চু মজুমদার নামের আরও দুই যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় মেডিকেলে পাঠান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল পংকজ কুমার দে এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ।

পংকজ কুমার জানান, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।