কুষ্টিয়ায় হানিফ

বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর। এটা নিয়ে জনগণ কিংবা সরকার কেউ মাথা ঘামাচ্ছে না।

হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবাস্বপ্ন দেখছেন, না হলে তিনি কীভাবে বলেন ‘জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই।’ জনগণের সঙ্গে সম্পর্ক আছে বলেই এখনো এ সরকার টিকে আছে। এ দেশের সিংহভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। বিএনপির দুই শীর্ষ নেতাই দ-প্রাপ্ত। তাদের ওপর জনগণের কোনো আস্থা নেই।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক প্রদানকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে শহরে সংসদ সদস্যদের বাসভবনের সামনে ৮০ জন সাংবাদিকের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য দেন।