ফরিদপুরে আওয়ামী লীগ নেতাদের দাবি

বরকত-রুবেল ষড়যন্ত্র করে নেতাদের মামলায় জড়াচ্ছেন

ফরিদপুরে বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা অর্থ পাচার মামলায় নতুন করে কয়েক নেতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের কয়েক নেতা। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায়।

তিনি জানান, অর্থ পাচার মামলায় নতুন করে জেলা ও থানা আওয়ামী লীগের কয়েক নেতা ও জনপ্রতিনিধির নাম অন্তর্ভুক্তের কথা তারা জানতে পেরেছেন। তারা মনে করেন, অর্থ পাচার মামলার আসামি সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলকে ক্ষতিগ্রস্ত করতে নতুন করে ষড়যন্ত্র করছেন।

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ২০১৪ সালে বিএনপি থেকে আসা সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল আওয়ামী লীগে অনুপ্রবেশ করে দলের ত্যাগী নেতাদের কোণঠাসা করে রেখেছিলেন। এখন তারা আবারও ষড়যন্ত্র করছেন আওয়ামী লীগের ত্যাগী নেতাদের নামে।

সংবাদ সম্মেলন থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়ে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে যাতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। নইলে দল ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাহেব সরোয়ার, কৃষিবিষয়ক সম্পাদক দীপক মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাহিদ বেপারি, কোতোয়ালি থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামছুল আলম চৌধুরী প্রমুখ।