লাকড়ি বোঝাই ট্রাকে পিকআপের ধাক্কা, দুই যাত্রী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা-জামালপুর আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লাকড়ি বোঝাই ট্রাকে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে একজনসহ দুই গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) রাত ৯টার দিকে ওই সড়কের কালিহাতী পৌরসভার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই গার্মেন্টস কর্মী হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মাইজবাড়ীচর গ্রামের আব্দুল হকের স্ত্রী নিশি (২০) ও তার মা নাসিমা (৪৫)।

নিহত নাসিমার ছেলে বিপ্লব জানান, তারা সবাই আশুলিয়া বেড়িবাঁধ একটি গার্মেন্টসে কাজ করত। ঈদের ছুটিতে বাইপাইল থেকে একটি পিকআপ যোগে তিনিসহ তার মা, ভাই, ভাবি, খালা ও খালু মিলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে এলেঙ্গা-জামালপুর সড়কের কালিহাতী উপজেলার চাটিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে বাঁকাভাবে দাঁড়িয়ে থাকা একটি লাকড়ির ট্রাকে ধাক্কা দেয়। এ সময় সঙ্গে সঙ্গেই তার ভাবি নিশি মারা যায়।

তিনি আরও জানান, এই পিকআপে তারা প্রায় ২০ জনের মতো যাত্রী ছিল। পরে এখানকার লোকজন তাদের উদ্ধার করে কালিহাতী হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মা মারা যায়।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. এলিন আরাফাত অনিক জানান, এই সড়ক দুর্ঘটনায় ১৫ জন রোগী আহতাবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং নাসিমা নামের এক নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে মারা গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে।

এ বিষয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর সাকিব জানান, কালিহাতী উপজেলার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লাকড়ি বোঝাই ট্রাকে ঢাকা বাইপাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপ দ্রুত এবং বেপরোয়া গতিতে এসে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন ও কালিহাতী হাসপাতালে একজন মোট দুজন পিকআপের যাত্রী নিহত হয়। এ ঘটনায় ট্রাক ও পিকআপ জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, লাশ দুটি আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।