এবার হজ করেছেন ১৮ লাখ হাজি

২০২০ সালে করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়লে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। দেশটিতে প্রবেশে কড়াকড়ি নিয়ম জারি করা হয়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলে ওই বছর মাত্র ১০ হাজার মানুষকে হজ করার সুযোগ দেয় দেশটি। মহামারির প্রকোপ কমে আসায় ২০২১ সালে ৫৯ হাজার আর ২০২২ সালে প্রায় ১০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পায়।

সৌদি আরবের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, এ বছর ১৫০টিরও বেশি দেশের ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন পুরুষ ও নারী হজ করেছেন। যার মধ্যে বিদেশি ছিলেন ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন। সৌদির হাজি ছিলেন ১ লাখ ৮৪ হাজার ১৩০ জন।

অন্যদিকে হাজিদের মধ্যে পুরুষ ছিলেন ৯ লাখ ৬৯ হাজার ৬৯৪ জন। নারী ছিলেন ৮ লাখ ৭৫ হাজার ৩৫১ জন।

এ বছর আরব বিশ্ব থেকে হজ করতে গেছেন ৩ লাখ ৪৬ হাজার ২১৪ জন। এশিয়ার দেশগুলো থেকে গেছেন ১০ লাখ ৫৬ হাজার ৩১৭ জন। আফ্রিকার দেশগুলো থেকে গেছেন ২ লাখ ২১ হাজার ৮৬৩ জন। অন্যদিকে ইউরোপ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং অন্যান্য অঞ্চলের ৩৬ হাজার ৫২১ জন হাজি আরাফাতের ময়দানে উপস্থিত ছিলেন।