চার বছর পর ইউনেসকোয় ফিরল যুক্তরাষ্ট্র

চার বছর অনুপস্থিতির পর আবারও জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোয় ফিরে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রত্যাবর্তনের বিষয়টি অনুমোদন করেছে সংস্থার সংখ্যাগরিষ্ঠ দেশ। পক্ষপাতিত্ব ও অব্যবস্থাপনার অভিযোগ এনে ২০১৯ সালে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউনেসকোতে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক ডেপুটি সেক্রেটারি রিচার্ড ভার্মা ইউনেসকোর মহাপরিচালকের কাছে তাদের পরিকল্পনা জানিয়ে একটি চিঠি পাঠান। তাতে তিনি বলেন, সংস্থাটির নীতিনির্ধারণে চীনের প্রভাব সম্পর্কে উদ্বেগ থেকে নতুন করে যোগদানের ব্যাপারে আগ্রহী তারা। গত ১২ জুন এক সভায় ইউনেসকোর মহাপরিচালক অড্রে আজুলে জানান, প্রত্যাবর্তন পরিকল্পনার অংশ হিসেবে জো বাইডেন প্রশাসন ইউনেসকোর বকেয়ার ১৫ কোটি ডলার দিতে আগ্রহী। এরপর চলতি সপ্তাহে ফ্রান্সের প্যারিসে সংস্থার সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের ওই প্রত্যাবর্তন প্রস্তাব আলোচনা ও এরপর ভোটাভুটি হয়। সেখানে ১৩২টি সদস্যরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নতুন করে যোগদানের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ।