গাইবান্ধায় ২৪ ঘণ্টায় ৩ খুন

গাইবান্ধায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এক নারীসহ তিন ব্যক্তি খুন হয়েছেন। গত শুক্রবার রাত থেকে শনিবার রাতের মধ্যে জেলার সদর উপজেলা ও গোবিন্দগঞ্জ উপজেলায় এসব খুনের ঘটনা ঘটে।

গত শনিবার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে আবদুস কুদ্দুস (৫৫) নামে একজন খুন হয়েছেন। তিনি ওই গ্রামের মোবারক আলীর ছেলে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে বলে গতকাল নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা।

এদিকে গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জলের মোড় (রামচন্দ্রপুর) গ্রামে নিজ বাড়ি থেকে লতিফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। লতিফা বেগম ওই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

ওইদিন রাতে একই উপজেলার সোনাইডাঙ্গা চরপাড়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধে ভাতিজার মারধরে ইউনুস আলী (৪৫) নামে এক ব্যক্তি খুন হন। তিনি ওই গ্রামের ফয়জার রহমানের ছেলে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।