দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ক্রয় রসিদ না থাকা ও মূল্য তালিকা না টাঙানোয় পাঁচ কাঁচা মরিচ ব্যবসায়ীকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার বিকেল ৪টার দিকে হিলির কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন মিম। এ সময় মেহেদি হাসান, ফারুক হোসেন, শুশিল বসাক, জাহেদুল ইসলাম ও সোহেল রানাকে জরিমানা করা হয়।
মোকলেদা খাতুন মীম জানান, কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বিষয়টি তদারক করতে গিয়ে অনিয়ম দেখে জরিমানা করা হয়। ব্যবসায়ীরা কী দামে কাঁচা মরিচ কিনেছেন এ-সংক্রান্ত কোনো রসিদ দেখাতে পারেননি। সেই সঙ্গে ক্রয়মূল্যের সঙ্গে কত টাকা লাভ ধরে সেটির বিক্রয়মূল্য নির্ধারণ করছেন তারও কোনো সঠিক তথ্য নেই। দোকানগুলোতে মূল্য তালিকা টাঙানোর যে নির্দেশনা ছিল, সেটিও মানা হয়নি। তাদের সতর্ক করতেই আজকের এই অভিযান এবং সতর্কমূলক জরিমানা। এর পরও যদি কেউ বাড়তি মূল্যে কাঁচা মরিচ বিক্রি করেন, তবে আইনে অন্য যে বিষয়গুলো রয়েছে সেটি গ্রহণ করা হবে।