কুয়েতের তেল শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আল-জৌর শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কুয়েত ইন্টিগ্রেটেড পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ কোম্পানির (কেআইপিআইসি) মুখপাত্র আবদুল্লাহ ফাহাদ শাবিব আল-আজমি বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (০৩ জুলাই) রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কেআইপিআইসি মুখপাত্র বলেন, কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আল-জৌর শোধনাগারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে শোধনাগারটি স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। অব্যাহত রেখেছে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম।

তিনি আরও বলেন, শোধনাগারের ১২ নম্বর ইউনিটে আগুন লেগেছিল। আগুন লাগার কারণ জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন।

তিনটি মিনি শোধনাগার নিয়ে গঠিত কুয়েতের আল-জৌর শোধনাগার। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় তেল-প্রক্রিয়াকরণ শোধনাগারের একটি। নির্মাণ কাজ শেষ হলে শোধনাগারটি প্রতিদিন ৬ লাখ ১৫ হাজার ব্যারেল তেল যোগ করবে।