তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার (৩ জুলাই) আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । এ নিয়ে নিখোঁজ চার জনের লাশ উদ্ধার করা হল।

এদিকে সাগর নন্দিনী-২ থেকে সাতলাখ লিটার পেট্রোল পদ্মা অয়েল কোম্পানীতে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে রবিবার (২ জুলাই) থেকে বিআইডব্লিউটিএ উদ্ধার কার্যক্রম শুরু করে। এরপর সন্ধ্যায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভিক ঝালকাঠি এসে পৌঁছায়। সোমবার সকালে বিস্ফোরনে নদীতে ডুবে যাওয়া জাহাজটির পিছনের অংশ উদ্ধারের কাজ শুরু করে তারা।

নিখোঁজদের স্বজনদের দাবি ছিল, নিখোঁজদের মৃতদেহ ডুবন্ত অংশের মধ্যে আছে। এরপর সোমবার সকাল ১১ টার দিকে প্রথমে জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেলাল, দুপুর সাড়ে ১২ টার দিকে মাস্টার রুহুল আমিনের মৃতদেহ ও সবশেষ বিকেলে সরোয়ার হোসেন আকরামের লাশ উদ্ধার করা হয়। এর আগে রবিবার দুপুর ২ টার দিকে জাহাজের পিছনের ইঞ্জিন রুমের ভিতর থেকে গ্রীজার আব্দুস ছালাম হৃদয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

ডিপো কর্তৃপক্ষ জানায়, সোমবার দূর্ঘটনা কবলিত জাহাজ সাগর নন্দিনি-২ থেকে মৃদুলা-৫ এবং সেভেন সিমাক-২ জাহাজের মাধ্যমে ৬ লাখ ৭৫ হাজার লিটার ডিজেল স্থানান্তর করে এরইমধ্যে পদ্মা ডিপোতে সরবরাহ করা হয়েছে ।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে সুগন্ধা নদীতে সাগর নন্দিনি-২ তেলবাহী জাহাজে বিস্ফোরণে মাস্টার ব্রীজ ও স্টাফ কেবিনসহ পিছনের ইঞ্জিন রুমের উপরি ভাগ নদীতে ডুবে যায়। এ ঘটনায় ৪ জন আহত ও ৪ জন নিখোঁজ হয়।