এই দিনে

আধ্যাত্মিক সাধক ও ধর্মীয় সংগঠক এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দের জন্ম কলকাতায় ১২ জানুয়ারি ১৮৬৩ সালে। তার পারিবারিক নাম নরেন্দ্রনাথ দত্ত। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত। তাদের পরিবারে উত্তম জীবনধারণ, বিশেষ করে খাদ্যে পরিচ্ছন্ন ও মার্জিত রুচির পরিবেশ রক্ষা করা হতো। ফলে সন্ন্যাসজীবনেও তিনি তার উত্তম জীবনধারণের প্রতি ভালোবাসা পরিত্যাগ করেননি। তিনি এক অনন্যসাধারণ প্রতিভা, যিনি আধুনিককালের ধর্ম-সংস্কৃতি এবং পরোক্ষভাবে ভারতীয়দের জাতীয় আত্মচেতনার রূপ দিতে সাহায্য করেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সনাতন ধর্মীয় জীবনব্যবস্থা, আচরণ ও ধর্মীয় অনুষ্ঠানে অভ্যস্ত হওয়া সত্ত্বেও তিনি সনাতন ধর্মের বহু আদর্শিক বিচ্যুতির কড়া সমালোচক ছিলেন। তিনি সময়ের তুলনায় বহু দিক থেকে প্রাগ্রসর চিন্তার অধিকারী ছিলেন। প্রথমে নিজ গৃহে মায়ের কাছে এবং পরে গৃহশিক্ষকের কাছে তার শিক্ষাজীবন শুরু হয়। কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তার স্কুলজীবনের শুরু। পরবর্তী সময়ে পড়াশোনা করেন প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে। ১৮৮৩ সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। কলেজজীবন থেকেই তিনি আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণে ব্রতী হন এবং গভীরভাবে পড়াশোনা শুরু করেন। একজন যুব-সত্যানুসন্ধানকারী হিসেবে ঈশ্বর জ্ঞানলাভের প্রতিও তার আগ্রহ জন্মে। তিনি রাজা রামমোহন রায়ের বেদান্তবিষয়ক গ্রন্থাদি পাঠ করে ব্রাহ্মসমাজের প্রতি আকৃষ্ট হন। সাধারণ মানুষদের নবজীবনদানের উদ্দেশে সেবামূলক কাজ করা এবং সব ধরনের কুসংস্কার ও অমানবিক কর্ম থেকে মুক্ত হয়ে দৃঢ় জাতিসত্তা গঠন করা ছিল তার লক্ষ্য। ১৯০২ সালের ৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।