ব্রেন টিউমারের চিকিৎসা শুরু ড. মোশাররফের

বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনের বহিঃভাগে স্ফেনয়েড উইং মেনিনজিওমা টিউমার ধরা পড়েছে। নিউরো জটিলতার চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ইউ শেন শাই বলেছেন, ‘খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনের বহিঃভাগে একটি স্ফেনয়েড উইং মেনিনজিওমা টিউমার রয়েছে। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাকে প্রথমত অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়েছিল। তবে তার স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে সম্পর্কিত উচ্চতর অস্ত্রোপচার এবং জেনারেল অ্যানেসথেসিয়া ঝুঁকি থাকায় তাকে আপফ্রন্ট রেডিওথেরাপি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’