বিদ্যুৎ কর্মকর্তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ মেয়রের

সীতাকুন্ডু উপজেলার বাড়বকুন্ডু বিদ্যুৎ বিতরণ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নাফিজ ইমতিয়াজের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলেছেন সীতাকুন্ডু পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম। গতকাল সোমবার পৌরসভার হলরুমে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে মেয়র বলেন, পৌরসভা নিয়মানুযায়ী ৬ মাস পরপর বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকে। এবারও ২৬ জুন ১২ লাখ ৬৭ হাজার টাকা বিল পরিশোধের জন্য জনতা ব্যাংকে পাঠানো হয়। পৌরসভার ব্যাংক অ্যাকাউন্ট সোনালী ব্যাংকে হওয়ায় ক্লিয়ারিংয়ের মাধ্যমে টাকা ছাড় হতে কয়েক ঘণ্টা দেরি হয়। বিষয়টি জানিয়ে বারবার অনুরোধ করার পরও পৌরসভার সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন উপবিভাগীয় প্রকৌশলী নাফিজ ইমতিয়াজ। ফলে উপজেলার সবচেয়ে বড় মহন্তের হাট গরুর বাজার ছাড়াও পৌরসভার কয়েক কিলোমিটার এলাকার সড়ক অন্ধকার হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন কয়েকজন কাউন্সিলর নাফিজ ইমতিয়াজকে মেয়রের সঙ্গে দেখা করতে বললে তিনি মুক্তিযোদ্ধাকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেন। ফলে উভয় পক্ষের মধ্যে বাগ্্বিত-া হয়। একপর্যায়ে বিভাগীয় প্রকৌশলী রিয়াজুল হকের নির্দেশে বিদ্যুৎ সংযোগ পুনরায় প্রদান করেন নাফিজ ইমতিয়াজ। এ ছাড়া সীতাকুন্ডু মডেল থানার এসআই খুরশিদ আলমের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝির নিরসন হয়। কিন্তু পরদিন থানায় কাউন্সিলর ফজলে এলাহী পায়েলের নামে লিখিত অভিযোগ করেন নাফিজ। ঘটনার তদন্ত করে অভিযুক্ত নাফিজের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি জানান পৌর মেয়র।

অভিযোগ অস্বীকার করে বিদ্যুৎ কর্মকর্তা নাফিজ ইমতিয়াজ বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করার প্রশ্নই আসে না। সরকারের স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।’