রাজশাহীতে ধর্ষণের শিকার শিশুর মরদেহ পুকুরে

রাজশাহীতে বখাটের হাতে ধর্ষণের শিকার এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন স্বামী। পঞ্চগড়ের দেবীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি খুন হয়েছেন। অপরদিকে, গাইবান্ধার পলাশবাড়িতে তরুণের ঝুলন্ত, ঝিনাইদহে জমি থেকে অজ্ঞাত তরুণের এবং ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী : নয় বছর বয়সী আন্নিকা আক্তার মায়ার লাশ গতকাল সোমবার ভোরে নগরীর ছোটবনগ্রাম খোরশেদের মোড় এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মায়া রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকার রিকশা ভ্যানচালক আজিম উদ্দিনের মেয়ে। এ ঘটনায় বড়বনগ্রাম এলাকার পলাশ শেখ (৩৫) নামে এক যুবককে গতকাল সোমবার নাটোর শহরের একটি যাত্রী ছাউনি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্নিকার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয় আন্নিকা। 

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার নূর আলম সিদ্দিকী জানান,  গত শনিবার বিকেল ৫টার দিকে ফুসলিয়ে নওদাপাড়া এলাকা থেকে আন্নিকাকে নিয়ে যায় পলাশ। তাকে বিভিন্নস্থানে ঘুরিয়ে সন্ধ্যার পর ছোটবনগ্রাম এলাকার একটি পুকুরপাড়ে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে পলাশ তার গলা ও মুখ চেপে ধরে। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি মারা গেলে পলাশ একটি কাপড় দিয়ে তাকে জড়িয়ে পুকুরে ফেলে পালিয়ে যায়।

নূর আলম সিদ্দিকী আরও বলেন, শাহমখদুম থানার পুলিশের একটি দল বিভিন্ন জায়গার সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখতে পায় বিকেল ৫টার দিকে মেয়েটিকে সঙ্গে নিয়ে ঘুরছে পলাশ। মেয়েটিও হাসি-খুশি হয়েই তার সঙ্গে ঘুরছিল।

টাঙ্গাইল : দেলদুয়ারে পারিবারিক কলহের জেরে স্ত্রীক জবাই করে হত্যা করেছেন স্বামী। নিহতের নাম আলিছা বেগম (২৮)। এ ঘটনায় স্বামী রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার নরুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদ টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামের সোনা মিয়ার ছেলে।

পঞ্চগড় : দেবীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফয়জুর রহমান নামে (৪৫) এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত ফয়জুর উপজেলার দ-পাল ইউনিয়নের রিয়াজ উদ্দিনের ছেলে। গত রবিবার বিকেলে হত্যাকা-ের এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে গতকাল সোমবার সকালে প্রধান আসামি মজিবর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা : পলাশবাড়িতে শ্বশুরবাড়ির সংলগ্ন জামগাছ থেকে ঝুলন্ত অবস্থায় শামীম মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মনোহরপুর ইউনিয়নের খামার মাহমুদপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। শামীম গোবিন্দগঞ্জ উপজেলার ধুনদিয়া গ্রামের আবদুল ওয়ারেজ ওরফে শালদারের ছেলে এবং পলাশবাড়ী উপজেলার খামার মাহমুদপুর গ্রামের আবদুল মালেকের মেয়ের জামাই।

ঝিনাইদহ : সদর উপজেলার আড়ুয়াকান্দী থেকে গতকাল সোমবার অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁও উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তি (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে মশাখালী ইউনিয়নের মুখী শাহ মিছকিন মাজার এলাকার পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।