নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজ কাজীকে (৪৭) কুপিয়ে মারাত্মক জখম করেছে আওয়ামী লীগ সমর্থকরা। গতকাল সোমবার সকালে উপজেলার বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত পারভেজকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
পরিবার ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বয়রা গ্রামে দীর্ঘদিন ধরে দুইপক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে সোমবার সকালে পাশের সারোল গ্রামের বৌবাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে বয়রা গ্রামের বাদশা কাজীর বাড়ির সামনে প্রতিপক্ষের অলিদ কাজী, ওহিদ কাজীসহ তাদের লোকজন পারভেজকে কুপিয়ে মারাত্মক জখম করে। এরা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তারা ধারালো অস্ত্র দিয়ে পারভেজের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। আহত পারভেজকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।