১৬ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৯২০ হাজি

হজ শেষে সৌদি আরব থেকে তিন এয়ারলাইন্সের মোট ১৬টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ জন হাজি। এই ১৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৭টি।

ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে ৪ এপ্রিল প্রকাশিত ৪২তম হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসা হাজিদের মধ্যে জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

এদিকে এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ইন্তেকাল করেছেন ৭০ জন হজযাত্রী/হাজি। তাদের মধ্যে পুরুষ ৫৪ জন, নারী ১৬ জন। মক্কায় মারা গেছেন ৫৬ জন, মদিনায় চারজন, মিনায় সাতজন, আরাফায় দুজন এবং মুজদালিফায় একজনের মৃত্যু হয়।