অনুমোদন পেল, এবার আকাশে উড়বে গাড়ি

আলেফ অ্যারোনটিকসের উড়ন্ত গাড়ি এখন থেকে চলতে পারবে যুক্তরাষ্ট্রে। এমন সংবাদ প্রকাশের পর বেশ আলোচনার সৃষ্টি করেছে আলেফ অ্যারোনটিকসের উড়ন্ত গাড়িটি। এবার বাকি কেবল আকাশে উড়ার।

মার্কিন সংস্থা ‘আলেফ অ্যারোনেটিক্স’ এর তৈরি উড়ন্ত গাড়িটি মূলত বৈদ্যুতিক শক্তিতে চলবে। যা সড়ক পথের পাশাপাশি বিমানের মতোই আকাশে উড়তে এবং অবতরণ করতে সক্ষম।

দেশটির অ্যাভিয়েশন বিভাগের আইনি প্রতিষ্ঠান 'অ্যারো ল সেন্টার'এর বরাত দিয়ে গাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে, তাদের উড়ন্ত গাড়িটি ওড়ার জন্য ইউএস ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) থেকে বিশেষ সনদ পেয়েছে। যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া এটিই প্রথম কোন গাড়ি যেটি আকাশে উড়তে পারে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি এক থেকে সর্বোচ্চ দুজন যাত্রী বহন করতে পারবে। সড়ক পথে যানজট ও যেকোনো দুর্ঘটনার কারণে চলাচল থেমে গেলেও গাড়িটি উড়তে পারবে। এটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় তিন লাখ মার্কিন ডলার।

প্রতিষ্ঠানটি বলেছে, ব্যক্তি ও করপোরেট পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে ইতি মধ্যে তারা ৪৪০টির বেশি গাড়ির অগ্রিম অর্ডার পেয়েছেন। তাদের প্রত্যাশা ২০২৫ সালের শেষ দিকে গ্রাহকদের কাছে এই উড়ন্ত গাড়ি সরবরাহ কাজ শুরু করতে পারবে।

আলেম অ্যারোনটিকসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই উড়ন্ত গাড়ি নিয়মিত 'শহর বা গ্রামীণ রাস্তায়' চলাচলের উপযোগী করে তৈরি করা হচ্ছে। এটি পার্কিংয়ের জায়গায় ও গ্যারেজের ভেতর পার্ক করা যাবে। এটি কম গতির গাড়ি হওয়ায় রাস্তায় সর্বোচ্চ ঘণ্টায় ২৫ মাইলের বেশি গতিতে চলাচল করতে পারবে না গাড়িটি।