এক দিনের ছুটি নিয়ে ৭ দিন অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা!

পটুয়াখালীর বাউফলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হকের বিরুদ্ধে অফিস ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঈদুল আজহার ছুটি শেষে সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়েছে গত রবিবার থেকে। অথচ সেদিন থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন কার্যদিবস এবং ঈদের আগের চার কর্মদিবস এই কর্মকর্তা অফিস করেননি। অভিযোগ রয়েছে, সারা বছরই তিনি সপ্তাহে দুদিন উপস্থিত আর বাকি দিন অনুপস্থিত থাকেন।

সরেজমিনে গতকাল দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, অফিসের একাডেমিক সুপারভাইজার নুরনবী, হিসাবরক্ষক মো. জাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকলেও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের কক্ষ তালাবদ্ধ দেখা গেছে। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কোথায় আছেনÑ জানতে চাইলে হিসাবরক্ষক জাহিদুর রহমান বলেন, ‘স্যার ছুটিতে আছেন বলে আমি জানি।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসের এক কর্মচারী বলেন, ‘মাধ্যমিক স্যার ঈদের আগের চার দিন অফিস করেননি। আবার ঈদের পর তিন দিন পর্যন্ত অফিসে আসেননি। উনি ছুটিতে আছেন কি না, তা-ও জানি না। তিনি নিয়মিত অফিস করেন না। সপ্তাহে দুদিন অফিস করেন। বাকি দিনগুলো অনুপস্থিত থাকেন। আবার যে দুই দিন উপস্থিত থাকেন সে দুই দিনের অধিকাংশ কাজও বাসায় বসে করেন।’

এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হকের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মজিবর রহমান বলেন, ‘নিয়মানুযায়ী লিখিতভাবে ছুটি নেওয়ার কথা। কিন্তু তিনি মৌখিকভাবে আমার কাছ থেকে এক দিনের ছুটি নিয়েছেন। এক দিনের ছুটি নিয়ে সাত দিন ছুটি কাটায় কীভাবে? খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’