বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত আরজিদ আলীর ছেলে মো. মইনউদ্দিন (৬৫) ও তার স্ত্রী হেসনু বেগম (৫৮)।

স্থানীয় ইউপি সদস্য মইনুল ইসলাম জুনেদ জানান, ওই গ্রামের নিজ বাড়িতে মইনউদ্দিন মঙ্গলবার বিকেলে গাছের ডাল কাটছিলেন। এ সময় গাছের ডাল বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। এতে বিদ্যুতের লাইন ছিঁড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রী হেসনু বেগম তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।