সবশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের কাছে হেরেছিল আফগানিস্তান। ওই ম্যাচে ২১৬ রানের লক্ষ্য ছুড়ে ৪৫ রানে বাংলাদেশের ৬ উইকেট তুলে নেয়। আফিফ ৯৩ ও মিরাজ ৮১ রান করে ম্যাচ জিতিয়েছিলেন। গতবারের মতো এবারও বাংলাদেশ দলে একা হাতে ম্যাচ জেতানো পারফরমার আছেন। নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়রা সেই সামর্থ্য দেখিয়েছেন। আর সাকিব আল হাসান তো সবসময়ের ম্যাচ উইনার। তবুও বাংলাদেশ তারকাদের নিয়ে আলাদা ভাবছেন না বলে জানান আফগানিস্তান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।
দল হিসেবে খেলে বাংলাদেশকে হারানোর সামর্থ্য রাখেন বলেও জানান আফগান অধিনায়ক, ‘আমরা ব্যক্তি নিয়ে চিন্তা করছি না। আমরা দলের বিপক্ষে খেলব। তো ব্যক্তি সাকিব-শান্তদের নিয়ে না ভেবে আমরা অবশ্যই দল নিয়ে ভাবছি। যেমনটা সব দলের বিপক্ষেই করে থাকি। এখানে খেলা হবে আমাদের ১১ জনের সঙ্গে বাংলাদেশের ১১ জনের, তো ব্যক্তি নিয়ে ভাবার সুযোগ নেই।’ এ সিরিজ ছাড়াও আসন্ন বিশ্বকাপ ও এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান। শাহিদির কাছে তাই এ সিরিজটি ভিন্ন। এ সিরিজে ভালো করে দুই আসরের জন্য এগিয়ে থাকতে চান আফগান অধিনায়ক।