তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে আইনি নোটিশ

সমাজে অবহেলিত তৃতীয় লিঙ্গের (হিজরা) জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতা, পৃথক শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল নাগরিক সুবিধা নিশ্চিতের দাবিতে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান সমাজ কল্যাণ সচিব, অর্থ সচিব ও আইন সচিবের উদ্দেশ্যে এ নোটিশ পাঠান।

এতে বলা হয়, হিজরা জনগোষ্ঠী দেশের সবচেয়ে অবহেলিত। তারা পরিবার থেকে বিচ্ছিন্ন, সমাজ থেকে অবহেলিত, শারীরিক পার্থক্যের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং রাষ্ট্রীয়ভাবেও বৈষম্যের শিকার। সংবিধানের ২৮ (৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের যেকোন অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সরকার বিশেষ বিধান প্রণয়ন করতে পারবে। কিন্তু পরিতাপের বিষয় সরকার এই চরম অবহেলিত জনগোষ্ঠীর জন্য কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

আইনজীবী বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ২০১৩ সালে হিজরাদের উন্নয়নে নীতিমালা করলেও সেটা কাগজে কলমে সীমাবদ্ধ এবং হিজরাদের কল্যাণে এই নীতিমালা যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে হিজরা জনগোষ্ঠী মানবেতর জীবনযাপন করছে। বেঁচে থাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য হচ্ছে। রাষ্ট্রীয় বঞ্চনার কারণে স্বাভাবিক কর্মজীবনে প্রবেশ করতে পারে না।

নোটিশে বলা হয়, সংবিধান অনুযায়ী দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং মৌলিক অধিকার ভোগে কোনো প্রকার বৈষম্য করা যাবেনা। হিজরা জনগোষ্ঠী এদেশের নাগরিক এবং সংবিধান অনুযায়ী তারা রাষ্ট্রের কাছ থেকে সমান সুযোগ সুবিধা লাভের অধিকারী।

আইনজীবী বলেন, সরকার দেশের বিভিন্ন জনগোষ্ঠীকে নানাবিধ সুযোগ সুবিধা দিয়ে আসছে। তাই অবহেলিত জনগোষ্ঠীকেও সেরূপ সুবিধা নিশ্চিত করতে হবে। নোটিশে সংশ্লিষ্টদের ৩০ দিনের সময় দিয়ে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। ব্যত্যয় হলে হিজরাদের সাংবিধানিক অধিকার নিশ্চিতে হাইকোর্টে রিট আবেদন করা হবে।