সোনারগাঁ আ.লীগের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ জুলাই রাতে দলীয় প্যাডে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল স্বাক্ষরিত এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

গতকাল বুধবার দুপুরে পূর্ণাঙ্গ কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। এদিকে এ কমিটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিলে এ ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল বুধবার কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দলের অনেক ‘পরীক্ষিত’ নেতা বাদ পড়ায় এ কমিটি প্রত্যাখ্যান করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটি থেকে ২০ জন সদস্যকে বাদ দিয়ে ও বেশ কিছু পদ-পদবি পরিবর্তন করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি। বাদ পড়া ২০ জনের মধ্যে জনপ্রতিনিধিসহ উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের নাম রয়েছে।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হাইয়ের পুত্র আহসান হাবীব টিপু জানান, অনুমোদিত কমিটি নিয়ে আমি হতাশ। আমার বাবা সোনারগাঁ আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। বিএনপি-জামায়াত সরকারের সময় বাবাসহ আমার পুরো পরিবার অসংখ্য মামলা হামলার শিকার হয়েছি। আমার নাম প্রস্তাবিত কমিটিতে থাকলেও পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। কীভাবে এমন কমিটি হলো তা আমার বোধগম্য নয়।

কমিটি নিয়ে সোনারগাঁ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার বলেন, জেলা আওয়ামী লীগের কমিটি আমরা মানি না। আমাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ না করেই জেলা আওয়ামী লীগ এ কমিটির অনুমোদন দিয়েছে। যাদের কেউ চেনে না এমন অনেক ব্যক্তিকে কমিটিতে আনা হয়েছে। এ বিতর্কিত কমিটির অভিযোগ নিয়ে প্রয়োজনে দলের সভানেত্রী শেখ হাসিনার কাছে যাব।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে আমরা কাদের নিয়ে রাজনীতি করব সেটা আমাদের চেয়ে জেলা ভালো জানে না। শুনেছি বিপুল অঙ্কের টাকার বিনিময়ে প্রস্তাবিত কমিটিকে ওলট-পালট করে তারা এ কমিটির অনুমোদন দিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, আমরা যে কমিটি অনুমোদন দিয়েছি তা সঠিক মনে করি। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এ কমিটিকে না মানলে আমাদের কিছু করার নেই। যারা যোগ্য তাদেরই পদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতারা সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিন সদস্য বিশিষ্ট সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করে দেন এবং এ কমিটিকে নির্দেশ দেওয়া হয় তিন মাসের মধ্যে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে। কিন্তু নানা কারণে কমিটি গঠন বিলম্বিত হয়।