সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সব আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কর্মরত সাংবাদিকরা।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার সামনের প্রধান সড়কে এ মানববন্ধন হয়।
সাংবাদিক সোলায়মান হোসেন হরেকের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক মাসুদুর রহমান, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম নিরব, এম এ রউফ, কবি জাকারিয়া জাহাঙ্গীর, সোলায়মান বাবু, জহুরুল ইসলাম ঠা-ু, ইব্রাহিম হোসাইন লেবু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলায় নাম উল্লেখ করা ২২ আসামির মধ্যে ৫ জন গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেন তারা। বক্তারা নিহত নাদিমের পরিবারের সার্বিক দায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।