বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কালোবাজারিতে দ্বিগুণ মূল্যে ট্রেনের টিকিট বিক্রির সময় আক্তারুজ্জামান ওরফে হিটলার নামের এক ফটোষ্ট্যাট ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
বুধবার রাতে আক্তারুজ্জামানকে সান্তাহার শহরের মুক্তিযোদ্ধা বিপণী বিতানের একটি ফটোষ্ট্যাটের দোকান থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের দুটি টিকিট ও নগদ টাকাসহ গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।
আক্তারুজ্জামান উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, আক্তারুজ্জামান দীর্ঘ দিন থেকে কালোবাজারিতে টিকিট বিক্রি করে আসছেন। এর আগে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি কোন কথায় কর্ণপাত না করে কালোবাজারিতে টিকিটি বিক্রি করে আসছিল।
তিনি জানান, বুধবার বিকেলে সে এক ব্যক্তির কাছে ঢাকাগামী একটি ট্রেনের এসি স্নিগ্ধার ৭১০ টাকা মূল্যের দুটি টিকিট ১৪০০ টাকা করে ২৮০০ টাকা দাবি করে। পরে ওই ব্যক্তি রেলওয়ে থানায় গিয়ে আক্তারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে ট্রেনের টিকিট ও নগদ টাকা সহ আক্তারুজ্জামানকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।