ঈদের ছুটি কাটিয়ে বাড়িতে ফেরা হলো না শিশু আব্দুর রহিমের (৯)। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় পুকুরপাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারায় সে।
আজ বৃহস্পতিবার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেলী আফরোজা আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, শিশু আব্দুর রহিম খুলনা জেলার কয়রা উপজেলার বেদকাশী (কাঠমারচর) গ্রামের মো. সাহেব আলীনের ছেলে। ঈদুল আজহার ছুটির পর পাশের শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামে মামার বাড়ীতে বেড়াতে যায় সে। আজ আনুমানিক বিকেলের দিকে রহিম তার মামাতো ভাই মো. আব্দুর রহমান (৯) এর সাথে পুকুর পাড়ে খেলা করছিলো। খেলাধুলার এক পর্যায়ে সবার অজান্তে দুই ভাই পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরেই আত্মীয়-স্বজনদের চিৎকার শুনে সবাই পুকুর পাড়ে উপস্থিত হন। রহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হয়।
এদিকে তার মামাতো ভাই রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মুন্সিগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হলে তার অবস্থার উন্নতি হয়। সন্ধ্যায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোহেলী আফরোজা আব্দুর রহিমকে মৃত বলে ঘোষণা করেন।