পটুয়াখালীর দুমকি উপজেলায় দুটি ইউপি নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়া ও দলীয় প্রার্থীর বিরোধিতা করায় আওয়ামী লীগের আটজনকে বহিষ্কার করা হয়েছে। জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের যৌথসভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতি ও নির্দেশক্রমে লেবুখালী ইউনিয়নে দুজন এবং শ্রীরামপুর ইউনিয়নে একজন বিদ্রোহী প্রার্থীসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন উপজেলা আ.লীগের সহসভাপতি ওয়াহিদুর রহমান শহিদ মুন্সী, ফোরকান আলী মৃধা, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী মৃধা, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নুরুজ্জামান মোল্লা, শ্রীরামপুর ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন হাওলাদার, লেবুখালী ইউনিয়ন আ.লীগের সদস্য জলিলুর রহমান ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আজাহার আলী মৃধা।