রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হসপিটালকে নিয়ে মানহানিকর বক্তব্যের অভিযোগ এনে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার কাছে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানিস্যুট (অর্থ আদায় মোকদ্দমা) মামলা করেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার তাদের পক্ষে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলাটি করা হয়। বিচারক মো. মাসুদুল হক মামলাটি গ্রহণ করে সংযুক্তা সাহার বিরুদ্ধে সমন জারি করেন। একই সঙ্গে পরবর্তী প্রতিবেদন দাখিল ও শুনানির জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করে আদালত। ওই তারিখে সংযুক্তা সাহার বক্তব্য দাখিল করতে হবে। সেন্ট্রাল হাসপাতালের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও মোহাম্মদ মাজহারুল ইসলাম।
নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এ নিয়ে ডা. সংযুক্তা ও হাসপাতাল কর্তৃপক্ষ একে অন্যকে দায়ী করে বক্তব্য ও বিবৃতি দেয়। সংযুক্তা সাহা দাবি করেন, আঁখি তার নিয়মিত রোগী ছিলেন না। ১০ জুন তাকে ভর্তির সময় হাসপাতাল কর্তৃপক্ষ তার লিখিত বা মৌখিক সম্মতি নেয়নি। তিনি ওই সময় দেশে ছিলেন না। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলে, আঁখিকে সংযুক্তা সাহার অধীনেই ভর্তি করা হয়। কিন্তু তিনি তা অস্বীকার করে হাসপাতালের বিরুদ্ধে কথা বলে হাসপাতালের সুনাম ক্ষুণœ করছেন। বক্তব্য প্রত্যাহার করতে গত ২২ জুন তার উদ্দেশ্যে আইনি নোটিস পাঠায় সেন্ট্রাল হাসপাতাল। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি মামলা পর্যন্ত গড়াল।
সেন্ট্রাল হসপিটালের আইনজীবী শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেন, ‘তিনি (ডা. সংযুক্তা) বলেছেন, এই মৃত্যুর জন্য সেন্ট্রাল হাসপাতাল দায়ী। সেখানে কোনো ব্যবস্থাপনা নেইÑ এ ধরনের বক্তব্য একেবারেই মনগড়া। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি যেসব বক্তব্য দিয়েছেন তাতে ওই হাসপাতালের সুনাম ক্ষুণœ করেছেন। মানহানি করেছেন। আর সেই মানহানিকে উল্লেখ করে আমরা ক্ষতিপূরণের এই মামলা করেছি এবং আদালত মামলাটি গ্রহণ করেছে।’