কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলি ও ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের এ-৯ ব্লকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত এবাদত উল্লাহ (২৫) উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের লাল মোহাম্মদের ছেলে। তিনি ওই ক্যাম্পের সাব মাঝি ছিলেন বলে জানা গেছে।
রোহিঙ্গারা জানান, গতকাল সকাল ১০টার দিকে বড়ইতলী এলাকা সংলগ্ন আমগাছ তলা এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে এবাদতকে গুলি ও ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরে থাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।