মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা নিহত ১

গাজীপুরের কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় মাইক্রোবাসে থাকা আল আমিন নামের এক যাত্রী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। গত বুধবার দিবাগত মধ্য রাতে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার সিগন্যাল সংলগ্ন তুমুলিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (৩৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার রামকৃষ্ণপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি ঢাকায় একটি বাসায় তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োজিত ছিলেন।

মাইক্রোবাসে থাকা আহতরা হলেন- রামপুরা বৌবাজার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে ইমরান, মেয়ে মারিয়া রহমান, সাদিয়া আক্তার, উমিয়া আক্তার, মৃত আব্দুল হালিমের ছেলে সাত্তার।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, দুর্ঘটনার পর রাত ৩টার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।