কোস্টগার্ডের অভিযানে পটুয়াখালীর কুয়াকাটায় ১০ লাখ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়েছে। কলাপাড়া উপজেলার উমেদপুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে এই রেণু পোনাসহ একটি ট্রাক ও চালককে আটক করে নিজামপুর কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, কলাপাড়ার উমেদপুর বাজারে অভিযান চালিয়ে ১৯টি ড্রামে আনুমানিক ১০ লাখ পিস গলদা চিংড়ি রেণু পোনা জব্দ করা হয়। তবে ট্রাক চালককে আটক করলেও রেণু পোনা পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত রেণু পোনার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা।
পরবর্তীতে কলাপাড়া উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. আশিকুর রহমান আশিককে অবগতি করে জব্দকৃত রেণু পোনা সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। আটককৃত রেণু পোনা বহনকারী ট্রাকচালক ভবিষ্যতে এমন অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে না মর্মে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান নিজামপুরের কন্টিজেন্ট কমান্ডার এসসিপিও (এক্স) এম মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এই অভিযান পরিচালনা করা।