বাংলাদেশে কোরিয়ান কালচার বিষয়ক ওয়ার্কশপের আয়োজন

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) রাজধানীর উত্তরায় সিমেক ইনস্টিটিউটে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে। অ্যাকাডেমি অব কোরিয়ান স্টাডিজ এর সহায়তায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।

জাতীয় পর্যায়ের এই ওয়ার্কশপটির বিষয়বস্তু বাংলাদেশে ও কোরিয়ান সংস্কৃতির প্রচার ও প্রভাব। ওয়ার্কশপটির আয়োজনে তত্ত্বাবধান করছে বাংলাদেশে কোরিয়ান দূতাবাস। এই ওয়ার্কশপটিতে অংশ নেবে কোরিয়ান সংস্কৃতি নিয়ে যারা বাংলাদেশে কাজ করছে সেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি। এর মাঝে কোরিয়ান পপ বা কোরিয়ান সংস্কৃতির ফ্যানসহ বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তি তাদের কর্মকাণ্ড উপস্থাপন করবেন।

ঢাকায় অবস্থিত কোরিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ডক্টর ইয়ং মিন সিও আনুষ্ঠানিকভাবে এই কর্মশালাটি উদ্বোধন করবেন। এই কর্মশালায় বিশেষজ্ঞদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে বাংলাদেশের নতুন প্রজন্ম কীভাবে আন্তঃএশীয় সংস্কৃতির প্রবাহের সাথে নিজেদের যুক্ত করছে।