মাগুরায় ২ সপ্তাহে ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত

মাগুরার সদর ও শ্রীপুর উপজেলায় গত দুই সপ্তাহে ৩৬ জন নারী-পুরুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। বাকি সাতজনের মধ্যে পাঁচজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুজন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন।

মাগুরার সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানিয়েছেন, গত ২৩ জুন থেকে গতকাল শুক্রবার পর্যন্ত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ নারী-পুরুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। যার মধ্যে ১০ জন রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি পাঁচজন এখন ওই কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মাগুরার সিভিল সার্জন আরও জানান, জেলার প্রতিটি এলাকায় ডেঙ্গু সচেতনতা বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।