প্রত্যাবর্তনে প্রশান্তির ছায়া

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি দিয়ে তামিম ইকবাল লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে “না” বলা যায় না।’ অবসর ভেঙে ফিরবেন তামিম ইকবাল, এই খবরে তার সতীর্থদের মনেও নেমে এসেছে প্রশান্তির ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ২৪ ঘণ্টা আগে যারা তামিমকে ফেয়ারওয়েল দিয়েছিলেন, তারাই ব্যস্ত প্রত্যবর্তনের গুণকীর্তনে।

তামিমের দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘এর চেয়ে ভালো কোনো খবর আর হতে পারে না। আমরা আবার একসঙ্গে মাঠে নামব, এই খবরটা শুনে আমি খুবই খুশি হয়েছি। আশা করছি নতুন একটা শুরু হবে আর আমরা একত্রে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনতে পারব।’ মাহমুদউল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘মাশা আল্লাহ, ওয়েলকাম ব্যাক তামিম।’ সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তো তামিমকে অবসর ভেঙে মাঠে ফিরিয়ে আনার অন্যতম কারিগর। তিনিও ফেসবুকে প্রধানমন্ত্রীর আর তামিমের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়।’ বাংলাদেশ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিজের ফেসবুকে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন বাংলাদেশের গর্ব, ক্রিকেটার তামিম ইকবাল। অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করে জাতীয় দলে ফিরছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।

ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় বাংলাদেশের ক্রিকেটারদের পাশে থাকেন, তাদের সব কথা শোনেন, মায়ের মতোই পরামর্শ দেন আর সবাইকে দেশের স্বার্থে খেলায় মনোনিবেশ করতে অনুপ্রাণিত করেন।

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা। আমরা সত্যিই অনেক সৌভাগ্যবান জাতি; আপনার মতো একজন অভিভাবককে পেয়েছি। বাংলাদেশের চলার পথে আপনিই আমাদের প্রেরণা।’ বাংলাদেশ আওয়ামী লিগের ফেসবুক পাতাতেও লেখা হয়েছে, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন বাংলাদেশের গর্ব ক্রিকেটার তামিম ইকবাল।

ক্রীড়া অনুরাগী জননেত্রী শেখ হাসিনা সব সময় বাংলাদেশের ক্রিকেটারদের পাশে থাকেন, তাদের সব কথা শোনেন, মায়ের মতোই পরামর্শ দেন আর সবাইকে দেশের স্বার্থে খেলায় মনোনিবেশ করতে অনুপ্রাণিত করেন।

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সত্যিই অনেক সৌভাগ্যবান জাতি; আপনার মতো একজন অভিভাবককে পেয়েছি। বাংলাদেশের চলার পথে আপনিই আমাদের প্রেরণা।’ তামিমের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নগদ, আইপিডিসিও তাদের প্রচারণার মাধ্যমে উদযাপন করছে তামিমের প্রত্যাবর্তন।