অবসর নাটক শেষে খেলার দিকে ফিরলেন তামিম ইকবাল। বিপিএলে নাম লেখালেন ফরচুন বরিশালের হয়ে। গত আসরে খুলনা টাইগার্সে খেলেছিলেন তামিম। কিছুদিন আগে বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান। খালি জায়গাটা এখন পূরন করবেন তামিম।
তামিম বরিশালে প্রাথমিক ভাবে এক মৌসুমের জন্য থাকছেন। পরে আরও এক মৌসুম চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। তামিমের সঙ্গে আগেও জুটিবদ্ধ হওয়ার অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই এই ওপেনারকে নিয়েছেন বলে দেশ রূপান্তরকে জানান ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান, ‘একজন আইকন তো দরকার। এজন্য ওনাকে আমরা নিয়েছি। আর তামিম তো আমাদের সঙ্গে আগেই খেলেছে। আমরা ওনাকে দিয়েই শুরু করেছিলাম। উনি পরিচিত মুখ। তাই আর কি আগে থেকে আমরা নিয়ে রাখলাম।'
ইনজুরি সমস্যা, ফর্মের সমস্যা এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে না খেলার ব্যাপার থাকলেও তামিমকে নিয়ে চিন্তিত নয় ফরচুন বরিশালের মালিক, ‘ক্রিকেটার সব সময়ই ক্রিকেটার। সাকিবও তো মাঝ খানে এক দুবছর ক্রিকেটে ছিল না। কিন্তু তারপরও আমরা ওনাকে নিয়ে নিয়েছি। ভাল করেছে। এসেই কিন্তু দারুন পারফরম করেছে। আমরা নিশ্চিত তামিওম সেরকম পারফরম করবে আমাদের সঙ্গে। আমরা চেষ্টা করবো ওনাকে দু বছর-ই রাখতে।’