দিনাজপুর শহরে পরিচ্ছন্নতা কার্যক্রমের বাস্তবায়নে পৌরসভা ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।
আজ শনিবার সকাল-দুপুর পর্যন্ত জেলার পৌরসভা মোড়, বালুবাড়ী, মহারাজা মোড়, নিমনগরসহ বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনার স্তূপের স্থান পরিদর্শন করেন এবং সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাথী দাস, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ, সানোয়ার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, দিনাজপুর পৌরসভার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় না। এসব ময়লা- আবর্জনা বৃষ্টিতে ভিজে এবং পচে গিয়ে সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা-মাছি বংশ বিস্তার করছে। এতে করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এসব ব্যাপারে দীর্ঘদিন ধরে পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কাজের কাজ কোন হচ্ছে না। ফলে স্থানীয়রা জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেন এবং সেসব ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহনের অনুরোধ করেন।
স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে জেলা প্রশাসক শাকিল আহমেদ নিজেই কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দিনাজপুর শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহন করেন।
জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, শহরের ময়লা আবর্জনার স্তুপের ব্যাপারে স্থানীরা অভিযোগ দিয়েছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে আমরা সরেজমিন শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। পৌরসভার কর্মচারীদের সহায়তায় সেসব ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করানোর উদ্যোগ গ্রহন করেছি। একটি পরিচ্ছন্ন দিনাজপুর শহর গড়ার জন্য সকলকে তিনি অনুরোধ জানান।