কুড়িগ্রাম ফায়ার সার্ভিস

তারের জঞ্জালে আটকা শালিক উদ্ধারে অভিযান

কুড়িগ্রাম পৌর শহরের নিউ মার্কেট এলাকায় বিদ্যুতের খুঁটির তারের জঞ্জালে আটকে ছটফট করতে থাকা একটি শালিক পাখিকে উদ্ধার করে অবমুক্ত করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের দলটি অভিযান চালিয়ে পাখিটিকে উদ্ধার করে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় উদ্ধার ও অবমুক্ত করা হয় শালিকটিকে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, যাদের জীবন আছে সেটা পাখি হোক, পশু হোক অথবা মানুষ হোক আমরা খবর পাওয়া মাত্র এদের উদ্ধার করি এবং জীবন বাঁচানোর চেষ্টা করি। একটি শালিক বৈদ্যুতিক খুঁটির তারের প্যাঁচে আটকা পড়ার খবর পাওয়ামাত্র এটিকে উদ্ধার করে অবমুক্ত করেছি।