স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ফরিদপুর কোতোয়ালি ও শহর আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি করা হয়েছে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে যারা সেই সময় সাফাই গেয়েছেন তাদের নিয়ে। রাতের আঁধারে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদ দলের ত্যাগী ও স্বচ্ছ রাজনীতির সঙ্গে জড়িত নেতাদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি করায় তারা এ অবৈধ কমিটি মানেন না। এ কমিটির বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

শহর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এস এম আনোয়ারুল ইসলাম পলাশের সভাপতিত্বে এবং শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামালের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ফারুক হোসেন, জেলা কমিটির সাবেক সহসভাপতি জহিরুল ইসলাম জনি প্রমুখ।